ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি নিলামে হইচই ফেলে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে শেষপর্যন্ত দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে ভারতীয় গণমাধ্যম প্রকাশ করে চাঞ্চল্যকর তথ্য-মুস্তাফিজকে দলে না রাখতে নির্দেশ দিয়েছে খোদ ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার এ নিয়ে মুখ খুলল কেকেআর।
মুস্তাফিজকে দল থেকে সত্যিই বাদ দেওয়া হচ্ছে কি না, তা খোলাসা করেই জানিয়েছে শাহরুখ খানের মালিকানাধীন দল। তারাও জানিয়েছে, মুস্তাফিজকে এবারের আইপিএলে খেলতে দেওয়া হচ্ছে না। এমনকি বাদ দেওয়া হয়েছে দল থেকেই।
কেকেআর তাদের বিবৃতিতে জানায়, কলকাতা নাইট রাইডার্স নিশ্চিত করছে যে, আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা আসন্ন আইপিএল আসরের আগে মুস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে যথাযথ প্রক্রিয়া ও পরামর্শ মেনে এই কাজটি করা হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী বিসিসিআই কলকাতাকে একজন বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দিবে।
গুয়াহাটিতে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। বিসিসিআই আরও বলেছে, তারা যদি খেলোয়াড় বদলাতে চায়, বিসিসিআই সেই অনুমতিও দেবে।’
আইপিএলের এবারের নিলামে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পেয়েছিলেন মুস্তাফিজ। সাম্প্রতিক সময়ে ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। এর জেরে আইপিএলেও বাংলাদেশিদের উপেক্ষা করার নজির দেখা গেছে নিকট অতীতে। গত আসরে নিলামে দল না পেলেও শেষদিকে দিল্লীর হয়ে মাঠ মাতান মুস্তাফিজ। এবার তাই নিলামে তাকে নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়।
চেন্নাই সুপার কিংস ও দিল্লী ক্যাপিটালসের সাথে দর কষাকষির পর রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপি মূল্যে মুস্তাফিজকে দলভুক্ত করে কলকাতা। এ নিয়ে ক্রিকেটের রথি-মহারথীরাও সরব ছিলেন। তবে হুট করে মুস্তাফিজকে তথা বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএলে নেওয়া নিয়ে আপত্তি জানাতে থাকে ভারতীয়দের একটি অংশ। এর জেরে বিসিসিআই সিদ্ধান্ত নেয়, মুস্তাফিজকে আইপিএল খেলতে দেওয়া যাবে না।
এবারই প্রথম কলকাতার হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজ। আইপিএলে এর আগে ৫টি দলের হয়ে ৮ মৌসুম আইপিএলে খেলেছেন ৩০ বছর বয়সী বাঁহাতি পেসার। সব মিলিয়ে আইপিএলে ৬৫ উইকেট নিয়েছেন তিনি।
বাংলা৭১নিউজ/এবি
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025