জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল রবিবার (২১ ডিসেম্বর) থেকে শুরু হবে, চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত। তবে ৩০ ডিসেম্বর থেকে পরের বছরের ১ জানুয়ারির মধ্যে নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষা শাখার তথ্যমতে, রবিবার সকাল ৯টা থেকে ‘সি’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে জাবির এ বছরের ভর্তি পরীক্ষা শুরু হবে। ওইদিন বিকাল ৫টা ৪০ মিনিট পর্যন্ত মোট ৬ শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এরপর ২২ ডিসেম্বর ৩ শিফটে ‘বি’ ইউনিট ও ২ শিফটে ‘ই’ ইউনিট; ২৩ ডিসেম্বর প্রথম শিফটে ‘সি১’ ইউনিট ও পরবর্তী ৪ শিফটে ‘ডি’ ইউনিটের একাংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরের দিন ২৪ ডিসেম্বর আরও ৫ শিফটে ‘ডি’ ইউনিটের বাকি অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৮ ডিসেম্বর প্রথম শিফটে ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ‘আইবিএ-জেইউ’ ইউনিট এবং পরবর্তী ৩ শিফটে ‘এ’ ইউনিটের একাংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৯ ডিসেম্বর ‘এ’ ইউনিটের বাকি ৪ শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত ‘সি১’ ইউনিট অর্থাৎ নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর জাবিতে মোট ৭টি ইউনিটে ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে ২ লাখ ১৯ হাজার ৩৯৯টি আবেদন জমা পড়েছে। সে হিসেবে এবার বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে ১১৯ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আজিজুর রহমান। ভর্তি পরীক্ষায় সার্বিক নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে সভাপতি করে ৪৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ২৫০ জন পুলিশ, ৬০ জন আনসার, ট্রাফিক পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যেকোনো ধরনের জরুরি চিকিৎসা ব্যবস্থার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স এবং মেডিকেল টিম মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএন
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025