মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বুড়িগঙ্গা নদীতে ১২০টি নৌকা নিয়ে ব্যতিক্রমী শোভাযাত্রা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া এই শোভাযাত্রায় সাত শতাধিক নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রাটি শ্যামবাজার ঘাট থেকে শুরু হয়ে পোস্তগোলা সেতু পর্যন্ত গিয়ে পুনরায় শ্যামবাজার ঘাটে এসে শেষ হয়।
লাল-সবুজ রঙের টি-শার্ট পরিহিত এবং হাতে জাতীয় পতাকা নিয়ে শিবিরের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ‘বিজয় দিবস সফল হোক’, ‘নদী বাঁচলে বাঁচবে দেশ’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি ঘরে ঘরে’, ‘ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ’ সহ বিভিন্ন স্লোগান দেন।
এ সময় শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী ও জবি শাখা ইসলামী ছাত্রশিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম, জিএস প্রার্থী ও শাখা সেক্রেটারি আব্দুল আলিম আরিফ এবং এজিএস প্রার্থী মাসুদ রানাসহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে ভিপি প্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ইতিহাস স্মরণীয় করে রাখতে বিজয় দিবসে আমরা ১২০টি নৌকায় প্রায় ৭০০ নেতাকর্মী নিয়ে ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করেছি। এর মাধ্যমে আমরা নদী রক্ষার গুরুত্ব সম্পর্কে জাতির সামনে একটি বার্তা দিতে চাই।’
তিনি আরও বলেন, ‘আজ বুড়িগঙ্গাসহ দেশের প্রায় সব নদী দখল ও দূষণে মৃতপ্রায়। তিস্তা, ফেনীসহ আমাদের বড় বড় নদী আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। আমরা নদীর ন্যায্য পানির হিস্যা চাই। সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্ট বাংলাদেশের স্বাধীনতার মর্যাদাকে খাটো করার শামিল, যা আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।’
বাংলা৭১নিউজ/এসএইচ
উপদেষ্টা সম্পাদক : সাখাওয়াত হোসেন বাদশা, প্রধান সম্পাদকঃ তাজিন মাহমুদ, সম্পাদক: ডা: সাদিয়া হোসেন, যোগাযোগঃ ৪/এ,ইন্দিরা রোড, মাহবুব প্লাজা (২য় তলা) ফার্মগেট, ঢাকা-১২১৫, বাংলাদেশ ।মোবাইল: ০১৯৭১-১৯৩৯৩৪, ০১৫৫২-৩১৮৩৩৯, ই-মেইল: [email protected]; [email protected]। ওয়েব:www.bangla71news.com
© All rights reserved © 2018-2025