
সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
মামলাটি হয়েছে রাজধানীর উত্তরা পশ্চিম থানায়। এই মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে বলে আজ সোমবার নিশ্চিত করেছেন ডিএমপির ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম বলেন, এই মামলায় আনিস আলমগীরসহ আসামি পাঁচজন। তাঁদের মধ্যে আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য গতকাল রোববার রাতে আনিস আলমগীরকে ডিএমপির ডিবি কার্যালয়ে আনা হয়। এ বিষয়ে আনিস আলমগীর গতকাল রাতে ফোনে সাংবাদিকদের জানান, তিনি ডিবি কার্যালয়ে আছেন। তাঁকে ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিয়ে আসা হয়। আটটার দিকে ডিবি কার্যালয়ে পৌঁছান। তাঁকে বলা হয়, ডিবি প্রধান তাঁর সঙ্গে কথা বলবেন।
আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আনিস আলমগীরের ডিবি কার্যালয়ে থাকার বিষয়টি নিশ্চিত করেন।
নাম প্রকাশ না করার শর্তে ডিবির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, আনিস আলমগীর ডিবি কার্যালয়ে রয়েছেন। তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, গতকাল রাতে সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি অভিযোগ দেওয়া হয়। জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ এই অভিযোগ দেন। অভিযোগে অন্য যে দুজনের নাম ছিল, তাঁরা হলেন মডেল মারিয়া কিশপট্ট ও ইমতু রাতিশ ইমতিয়াজ।
অভিযোগটি আজ সকাল পর্যন্ত মামলা হিসেবে থানায় নথিভুক্ত হয়নি। এ বিষয়ে সকালে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তবে ডিএমপির ডিবি জানায়, রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে।
জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টক শোতে নানা বক্তব্য দিয়ে তিনি আলোচনায় ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ