হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৭ কেজি (৬৪৩ ভরি) স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা ২৪ ক্যারেটের স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—মুন্সিগঞ্জের সদর উপজেলার মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়া উপজেলার মো. শাওন (৩৯)।
এপিবিএন সূত্রে জানা যায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে এপিবিএন কার্যালয়ে নিয়ে আটক সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। পরীক্ষা-নিরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর সেগুলো স্বর্ণের পেস্ট বলে শনাক্ত করা হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৭ কেজি ৫০০ গ্রাম এবং বিশুদ্ধতা ২৪ ক্যারেট।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের দাবি, ১ নম্বর আটক ব্যক্তি সৌদি আরবে নিয়মিত যাতায়াত করেন এবং সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ বাংলাদেশে নিয়ে আসেন। পরে অপর দুই আটক ব্যক্তি ও দেশে অবস্থানরত অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় স্বর্ণ চোরাচালান করা হতো।
এপিবিএনের দেয়া তথ্য অনুযায়ী অনুযায়ী, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত এবং একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় অপরাধের প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ বলেন, গত কয়েক দিন ধরে গোয়েন্দা সূত্রে একটি চক্রের স্বর্ণের পেস্ট আকারে চোরাচালানের চেষ্টার তথ্য পাওয়া যাচ্ছিল। এর ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ৭ কেজি স্বর্ণ উদ্ধার এবং চক্রের তিন সদস্যকে আটক করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা শনাক্ত করতে বিস্তারিত তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। চোরাচালান ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলা৭১নিউজ/জেএস






















