বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও মরক্কো। ম্যাচটি ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে শুধু দুই বন্ধু কিলিয়ান এমবাপ্পে ও আশরাফ হাকিমির দ্বৈরথই নয়, রয়েছে আরও একটি বিশেষ দিক। মরক্কো দলে থাকা ছয় ফুটবলার খেলতে নামছেন নিজেদের জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে।
মরক্কোর ২৬ সদস্যের স্কোয়াডে থাকা রেদুয়ান হালহাল, গেসিম ইয়াসিন, সামির এল মুরাবেত, নিল এল আয়নাউয়ি, ইসা দিওপ ও আইয়ুব বুয়াদ্দি—এই ছয়জনেরই জন্ম ফ্রান্সে। তবে তাঁদের পারিবারিক শিকড় মরক্কোয়। ফলে জন্মসূত্রে ফ্রান্স এবং বংশসূত্রে মরক্কো—দুই দেশের জাতীয় দলের হয়ে খেলার সুযোগ ছিল তাঁদের সামনে। শেষ পর্যন্ত তাঁরা বেছে নিয়েছেন মরক্কোকেই।
নিজেদের জন্মদেশের বিপক্ষে খেলতে নামা ফুটবলারদের নিয়ে এটি মরক্কোর প্রথম ম্যাচ নয়। এর আগে শেষ ষোলোতে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নেমেছিল ডাচ-জন্ম তিন ফুটবলারকে নিয়ে। এবার ফ্রান্সের বিপক্ষে সেই সংখ্যা বেড়ে হয়েছে ছয়।
এই ছয়জনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন ১৮ বছর বয়সী মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি। চলতি বছরের শুরুতেও তিনি ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক ছিলেন। তবে বিশ্বকাপের আগে জাতীয় দল হিসেবে তিনি মরক্কোকেই বেছে নেন।
দ্বৈত নাগরিকত্বের সুযোগ থাকা প্রতিভাবান ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করার কৌশল কয়েক বছর ধরেই অনুসরণ করছে মরক্কো। এর আগে ফ্রান্সে জন্ম নেওয়া সোফিয়ান বৌফাল, রোমাঁ সাইস, মারুয়ান শামাখ, মেহদি বেনাতিয়া ও মুস্তাফা হাজ্জির মতো ফুটবলাররাও মরক্কোর জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন।
আজকের ম্যাচে তাই শুধু ফ্রান্স ও মরক্কোর লড়াই নয়, অনেকের জন্য এটি হয়ে উঠেছে জন্মভূমির বিপক্ষে আবেগেরও এক বিশেষ পরীক্ষা। সূত্র: রয়টার্স
বাংলা৭১নিউজ/জেএস























