শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
উৎপাদন শুরুর অনুমতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লেবানন ও ইসরায়েলের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের নতুন ২ দিবস, একটিতে সরকারি ছুটি ইরান চুক্তিতে রাজি না হলে ফের যুদ্ধ শুরু হবে, হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী সরকার হামের টিকা দেশে না আনায় অনেক শিশু মারা গেছে স্বাধীনতা পদক হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী জনদুর্ভোগের কথা চিন্তা করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: প্রধানমন্ত্রী পদ্মা ব্যারেজ নির্মাণে সরকার অগ্রাধিকার দিচ্ছে: পানিসম্পদ মন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়কমন্ত্রী আওয়ামী লীগের আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী

মাদুরো যেদিন মেসির জন্য অঝোরে কেঁদেছিলেন

বাংলা৭১নিউজ,ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

নিকোলাস মাদুরোর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বলিভারিয়ান যুগের অবসান ও এর ভূরাজনৈতিক প্রভাব। ডোনাল্ড ট্রাম্পের শেয়ার করা মাদুরোর গ্রেপ্তারের সেই আলোচিত ছবিও সংবাদমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তবে এসবের আড়ালে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্টের একটি কম আলোচিত দিক ছিল। তা হল এফসি বার্সেলোনার প্রতি তার গভীর ভালোবাসা।

দক্ষিণ আমেরিকায় বার্সার সবচেয়ে প্রভাবশালী ও উচ্চকণ্ঠ সমর্থকদের একজন ছিলেন মাদুরো। তার এই ভালোবাসা শুধু ব্যক্তিগত নয়, বরং রাজনৈতিক পরিচয়ের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে। শাসনের শেষ প্রান্তে এসে ফিরে তাকালে দেখা যায়, কতবার রাষ্ট্রপ্রধানের পোশাক ছেড়ে নীল-লাল জার্সিতে নিজেকে তুলে ধরেছিলেন তিনি।

২০২০ সালের মার্চ মাসের একটি দৃশ্য ছিল তার শাসনামলের সবচেয়ে অদ্ভুত মুহূর্তগুলোর একটি। কোভিড-১৯ মহামারিতে যখন বিশ্বজুড়ে রাষ্ট্রপ্রধানরা গম্ভীর মুখে স্যুট-টাই পরে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছিলেন, তখন ভেনেজুয়েলার রাষ্ট্রীয় টেলিভিশনে মাদুরো হাজির হন উজ্জ্বল নীল রঙের পূর্ণ বার্সেলোনা ট্র্যাকস্যুট পরে।

পরে প্রকাশিত এক ভিডিওতে বুকে থাকা ক্লাবের লোগোর দিকে ইশারা করে মজা করে বলেন, তিনি নাকি বার্সার নতুন ‘রেফুয়ের্সো’ (স্কোয়াডের নতুন শক্তি) হিসেবে সই করেছেন। এরপর ক্যামেরার সামনে স্প্যানিশ-ভেনেজুয়েলান মিশ্র উচ্চারণে চিৎকার করেন, “ভিসকা এল বার্সা! কাতালান!”

যখন দেশ ভয়াবহ স্বাস্থ্য সংকটে, তখন এমন হালকা মুহূর্ত অনেককেই বিস্মিত করেছিল। বার্সার দক্ষিণ আমেরিকান তারকাদের সঙ্গে মাদুরোর আবেগী সম্পর্ক ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে লিওনেল মেসিকে ঘিরে। ২০২১ সালের আগস্টে আর্থিক জটিলতায় মেসির বার্সা ছাড়ার ঘটনায় মাদুরো তা ব্যক্তিগতভাবে নিয়েছিলেন।

রাষ্ট্রীয় ভাষণে তিনি বলেন, “মেসির সঙ্গে যা করা হয়েছে, তা খুবই কুৎসিত। আমি তার সঙ্গে কেঁদেছি। ওকে কাঁদতে দেখে আমি কেঁদেছি, কারণ সে একজন ভালো মানুষ, সত্যিকারের ছেলে, বিশ্বের এক মহান ক্রীড়া নায়ক।” জোয়ান লাপোর্তার নেতৃত্বাধীন বোর্ডের তীব্র সমালোচনা করে তিনি যোগ করেন, “তারা মেসিকে ব্যবহার করেছে যতটা সম্ভব টাকা কামানোর জন্য… তারপর তাকে লাথি মেরে বের করে দিয়েছে।”

এরও আগে, ২০১৪ বিশ্বকাপে জর্জিও কিয়েলিনিকে কামড় দেওয়ার ঘটনায় যখন লুইস সুয়ারেজ বিশ্বজুড়ে নিন্দিত, তখন অল্প কয়েকজন বিশ্বনেতার একজন হিসেবে তার পাশে দাঁড়ান মাদুরো। রয়টার্সকে উদ্ধৃত করে তিনি বলেন, “ওরা উরুগুয়েকে ক্ষমা করতে পারে না, কারণ সাধারণ মানুষের এক ছেলে ফুটবলের দুই বড় শক্তিকে হারিয়েছে।” এখানে তিনি ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে সুয়ারেজের গোলের কথাই বোঝাচ্ছিলেন।

মাদুরোর কাছে অনেক সময় এল ক্লাসিকো ছিল অর্থনৈতিক সংকটের চেয়েও বেশি জরুরি। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে নতুন অর্থনৈতিক সংস্কার ও মুদ্রানীতি নিয়ে দীর্ঘ এক বৈঠকের মাঝেই হঠাৎ থেমে যান তিনি। মুহূর্তেই মাদুরো চিৎকার করে ওঠেন, “ভিভা মেসি! ভিভা কাতালুনিয়া!”

এরপর বিস্মিত মন্ত্রী ও জেনারেলদের দিকে তাকিয়ে তিনি জানতে চান, কারা রিয়াল মাদ্রিদ সমর্থক, আর কারা বার্সেলোনা! রাষ্ট্রপ্রধান হিসেবে নিকোলাস মাদুরোর অধ্যায় হয়তো শেষের পথে। কিন্তু ফুটবলপ্রেমী, বিশেষ করে একজন উন্মুক্ত বার্সা-সমর্থক হিসেবে তার এই অধ্যায় ইতিহাসে থেকে যাবে নিঃসন্দেহে আলাদা এক গল্প হয়ে।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com