শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

ঋণখেলাপির আদেশ স্থগিত, মান্নার নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম ঋণখেলাপির তালিকা থেকে স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। আদালতের এই সিদ্ধান্তের ফলে আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

হাইকোর্টের আদেশ স্থগিত করে সোমবার (২৯ ডিসেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এই আদেশ দেন। আদালতে ইসলামি ব্যাংকের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার আব্দুল কাইয়ুম লিটন। মাহমুদুর রহমান মান্নার পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম ও ব্যারিস্টার জ্যেতির্ময় বড়ুয়া ও অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল মো জাহিরুল ইসলাম সুমন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. উজ্জল হোসেন।

এর আগে, ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার করা আপিল আবেদন শুনানির জন্যে আজ সোমবার পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

মান্নার করা আবেদন শুনানি আজ পর্যন্ত মুলতবি করা হয় বলে নিশ্চিত করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. উজ্জল হোসেন। তিনি জানান, আজ (২৯ ডিসেম্বর) এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এদিন শুনানিতে গ্রাহকের বিষয়ে ব্যাংক এর অগ্রগতি জানাতে বলেছেন আদালত।

গত ১০ ডিসেম্বর মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের কাছে খেলাপি ৩৮ কোটি ৪ লাখ ৭৬ হাজার টাকা আদায়ের জন্য ‘কল ব্যাক নোটিশ’ জারি করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়ার বড়গোলা শাখা।

মান্না ও তার দুই অংশীদারের ঠিকানায় পাঠানো নোটিশে ১৮ ডিসেম্বরের মধ্যে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয় নোটিশে।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com