শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন

ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যই আমাদের বড় শক্তি: সালাহউদ্দিন আহমদ

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহদ্দিন আহমদ বলেছেন, আমরা ঐক্যটা দেখাতে চাই, ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যটাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। এর মাধ্যমেই আমরা এ ধরনের জাতীয় সংকট রুখতে পারবো।

শনিবার (১৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক শক্তিগুলো যদি গণতান্ত্রিক রাজনৈতিক জোটে ঐক্যবদ্ধ থাকে এবং নিজেদের মধ্যে বিভেদ না থাকে, তবে জাতীয়ভাবে যে কোনো ধরনের সন্ত্রাস ও ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব।

তিনি বলেন, আমরা জানি, এই অপশক্তি দেশের ভেতরেও সক্রিয় এবং দেশের বাইরেও সক্রিয়। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আহ্বান জানিয়েছি।

ইনকিলাব মঞ্চের কর্মসূচির বিষয়ে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী ও সন্ত্রাসবিরোধী সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজও তাদের সভা চলছে এবং আগামীকাল ও পরশু শাহবাগ বা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিরোধ সমাবেশের আহ্বান জানানো হতে পারে। তিনি বলেন, সেখানে সর্বাত্মক অংশগ্রহণের বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা যাবো।

প্রার্থীদের ওপর সম্ভাব্য হামলার আশঙ্কা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা এ ধরনের কোনো আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না। তবে সরকারের দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে এবং জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, যৌথবাহিনী, সরকার, জনগণ ও রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করলে ইনশাল্লাহ এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com